পাকিস্তানের বিপক্ষে জয়লাভের আনন্দের স্মৃতি এখনও মধুর। কিন্তু আনন্দ উদযাপনের সময় নেই; এবার শুরু হচ্ছে নতুন চ্যালেঞ্জ। বাংলাদেশের সামনে এখন ভারত। ভারতীয় মাটিতে বিরাট কোহলিদের হারিয়ে বিশ্বকে নিজেদের সক্ষমতা প্রমাণ করতে প্রস্তুত বাংলাদেশ।
পাকিস্তান সফর শেষে তিন দিন বিশ্রামের পর রবিবার (০৮ সেপ্টেম্বর) থেকে অনুশীলনে ফিরে আসেন শরিফুল। মিরপুরে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। তার অনুশীলনের ফাঁকে বিসিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারত সিরিজের লক্ষ্যের কথা জানান এই তারকা পেসার।

১৫ সেপ্টেম্বর বাংলাদেশ ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে। পাকিস্তানের বিরুদ্ধে জয়ের আত্মবিশ্বাস নিয়ে ভারতের বিরুদ্ধে মাঠে নামতে প্রস্তুত লাল-সবুজের প্রতিনিধিরা। তাদের লক্ষ্য, ‘ভারত সিরিজে ভালো পারফরম্যান্স করে নিজেদের সামর্থ্য প্রমাণ করা। আমরা চেষ্টা করব, অনুশীলনের মতো ফল যেন আসবে। জয় দিয়ে শুরু করার আশা রাখছি, কারণ আমরা একটি সফল সিরিজ শেষ করেছি এবং আমাদের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে।’


ভারতের বিপক্ষে খেলতে হবে এসজি বলে। কোকাবুরা বলে অভ্যস্ত শরিফুলদের এখন এসজির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হচ্ছে এবং আমরা আরো ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। বলের পরিবর্তন একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোকাবুরা বলে খেলেছি, এখন এসজি বলের সাথে মানিয়ে নিতে হচ্ছে। আমরা যতটা সম্ভব মানিয়ে নিতে পারব, ততটাই আমাদের জন্য ভালো হবে। আশা করছি, এর ফলে আমরা ভালো ফল পাব।’


বাংলাদেশের সফর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। প্রথম টেস্ট ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে এবং দ্বিতীয় টেস্ট ২৭ সেপ্টেম্বর কানপুরের গ্রিন পার্কে অনুষ্ঠিত হবে। এরপর ৬ অক্টোবর গোয়ালিয়রে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুটি টি-টোয়েন্টি ৯ ও ১২ অক্টোবর দিল্লি ও হায়দরাবাদে অনুষ্ঠিত হবে।